প্রবাসী বাংলাদেশিদের সম্পদ, ব্যবসা ও বিনিয়োগের সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদের সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসানের সঙ্গে মতবিনিময় করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বিবিসিসিআই-এর উদ্যোগে আয়োজিত এ নেটওয়ার্কিং সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট মুহিব উদ্দিন চৌধুরী। সভা পরিচালনা করেন বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম।
সভায় প্রবাসী বাংলাদেশিদের, এনআরবি, সম্পত্তি, ব্যবসা ও বিনিয়োগ সুরক্ষার পাশাপাশি দেশের সংকটকালীন সময়ে বিনিয়োগ, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া আগামী প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রযুক্তিগত সহায়তা, জ্ঞান ও সুযোগ সৃষ্টি এবং দেশে-বিদেশে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বক্তারা বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও মানবিক সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের স্বার্থ সুরক্ষা এবং দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণ বাড়াতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বিবিসিসিআই নেতৃবৃন্দ জানিয়েছে, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে আরও শক্তিশালী সেতুবন্ধন তৈরি এবং নন-রেসিডেন্ট বাংলাদেশি—এনআরবি—কমিউনিটির কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।


