লন্ডনে পাইলগাঁও বিএন হাইস্কুলের শতবর্ষপূর্তি উদ্‌যাপন লন্ডন . ১২ অক্টোবর।

জগন্নাথপুরের পাইলগাঁও বিএন হাইস্কুলকে কলেজে উন্নীত করা এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে একটি ট্রাস্ট গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন যুক্তরাজ্যে বসবাসরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক মিলনমেলায় এ আশাবাদ তুলে ধরা হয়।

 

 

 

গত সোমবার পূর্ব লন্ডনের পাম ট্রি হলে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও পেশাজীবীরা অংশ নেন। শত বছরের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতিচারণার পাশাপাশি বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

শতবর্ষ উদ্‌যাপন কমিটির চেয়ারম্যান মহিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান দারা ও উপস্থাপক মিছবাহ জামাল।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মোহাম্মদ কুতুব উদ্দিন মাস্টার, মুকুল চন্দ্র রায়, মুহিব চৌধুরী, মোহাম্মদ আজিজুর রহমান দারা, কাউন্সিলর ফয়জুর রহমান ও শিল্পী আলাউর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া প্রয়াত ফজলুল ইসলামের পরিবারের সদস্যদের হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুরুল হক দুলু, শাহাব আলী, জুনু মিয়া, আকবর হুসাইন, আবদুল হান্নান, আমির হুসাইন কাথল, দিলওয়ার হুসাইন, ফারুক আহমেদ , মান্না রায়, শিশু মিয়া। অতিথিদের মধ্যে ছিলেন সাবেক স্পিকার কাউন্সিলর রহিমা রহমান, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি তোফাজ্জল মিয়া, কাউন্সিলর শাহ সানাওয়ার হুসাইন এবং সাবেক স্পিকার আহবাব হুসাইন।

বিদ্যালয়ের শত বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য স্মরণ করে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিশেষভাবে প্রবীণ শিক্ষক মোহাম্মদ কুতুব উদ্দিন মাস্টারের অবদান তুলে ধরা হয়। শিক্ষার্থীদের শিক্ষা, অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন উপস্থিতরা।

প্রাক্তন শিক্ষার্থীদের এ মিলনমেলা শুধু শতবর্ষ উদ্‌যাপনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি; বরং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে। শত বছরের ঐতিহ্যকে ধারণ করে আগামী প্রজন্মের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে শেষ হয় এ আয়োজন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img