রাজধানীর কামরাঙ্গীরচর ও বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাতজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ।
আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে ডাকাতি করা এই চক্রটির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, র্যাব ও পুলিশের ভুয়া পোশাকসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত ১৪ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর বেড়িবাঁধ সংলগ্ন দূরানী ব্রিজের পাশ থেকে চক্রের মূলহোতা তৈয়ব আলীকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দর, উত্তরখান এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধারাবাহিক অভিযান চালিয়ে বাকি ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।
পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি খেলনা পিস্তল, ১টি হ্যান্ডকাফ (পুলিশের লোগোযুক্ত), ১টি ওয়াকিটকি, ১টি কিরিচ, ১টি প্রাইভেট কার (ডাকাতিতে ব্যবহৃত), ২টি ভুয়া নম্বর প্লেট এবং র্যাব ও ডিবি লেখা একাধিক ভেস্ট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চক্রটি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ড, ওয়াকিটকি ও অস্ত্র ব্যবহার করে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ডাকাতি চালিয়ে আসছিল। চক্রের মূলহোতা তৈয়ব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও দস্যুতাসহ মোট ৪৫টি মামলা রয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় ডাকাতির প্রস্তুতি এবং রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং চক্রের অন্য পলাতক সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।


