বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. মফিজুল ইসলাম ফাহিম। আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে দেশের প্রতিনিধিত্ব, সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা, সমাজসেবা ও শিক্ষানুরাগ—সবদিক থেকেই তিনি হয়ে উঠেছেন এক উজ্জ্বল নাম।
সাতক্ষীরা জেলার কোমরপুর গ্রামে জন্মগ্রহণ করা ফাহিমের পিতা হাজী মোহাম্মদ এবাদুল সরদার এবং মাতা মোসাম্মৎ খায়রুন নেছা। শৈশব থেকেই ফাহিম ছিলেন অত্যন্ত মেধাবী ও শিক্ষানুরাগী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে তিনি Anglia Ruskin University থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
বিদেশ থেকে পড়াশোনা শেষে দেশে ফিরে ফাহিম প্রতিষ্ঠা করেন “A&F Associates”—একটি উচ্চশিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান, যেখানে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO & Founder) হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তিনি নিজ এলাকা ও দেশের উন্নয়নে সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
তিনি বর্তমানে কোমরপুর জামে মসজিদ ও ঈদগাহের সভাপতি, আলোর দিশারি যুব সংঘের সভাপতি এবং “AD-DUHAA Welfare Foundation”-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তরুণ সমাজকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নিতে এসব সংগঠনের মাধ্যমে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও রয়েছে মো. ফাহিমের সরব উপস্থিতি। তিনি উচ্চশিক্ষা সংক্রান্ত বহু আন্তর্জাতিক সম্মেলন ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য—ICEF, NAPSA, EuroAsia, British Council, IDP, ApplyBoard, Navitas, CCCU এবং InUni। এসব সম্মেলনের মাধ্যমে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্ব দরজায় নতুন নতুন সুযোগ তৈরির চেষ্টা করে যাচ্ছেন।
শিক্ষাক্ষেত্রের পাশাপাশি মিডিয়াতেও রয়েছে তার সক্রিয় ভূমিকা। তিনি “ডেইলি আগামীর বাংলাদেশ” পত্রিকার সম্পাদক এবং “ডেইলি দিনের খবর”-এর সিটি এডিটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সফলতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের অনন্য সম্মিলনে মো. মফিজুল ইসলাম ফাহিম আজ দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।


