জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান

বিনোদন ডেস্ক : ইমিগ্র্যান্ট ডায়েরিজ-এর দ্বিতীয় পর্বে জোহরান মামদানির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জায়েদ খান। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জেকে ও সাদ আল আমিন। ২৭ মে ঠিকানা বাংলাদেশ ইউটিউব চ্যানেলে এটি স্ট্রিম হবে

চমক দিলেন জায়েদ খান। গত শুক্রবার রাতে তিনি একটি পোস্ট করেছিলেন। একটি পোস্টার ছিল সেই পোস্টে। ছবিতে দেখা যায় নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। পোস্টের ক্যাপশনে জায়েদ লেখেন, ‘আসলে কি হচ্ছে এটা? মেয়র জোহরান মামদানি আমার কাঁধে হাত রাখছে? চমৎকার!’ স্বাভাবিকভাবেই সবাই কৌতুহলী হয়। জায়েদ কি তাহলে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন, নাকি অন্য কোনো খবর আছে? এরপর জানা যায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জায়েদ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জোহরান মামদানি।

মার্চে মুক্তি পেয়েছিল ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ’ এর প্রথম পর্ব। অভিবাসী জীবনের চিত্র দেখা যায় সেখানে। জায়েদের অভিনয় দর্শকদের চমকে দিয়েছিল। এবার আসছে ইমিগ্র্যান্ট ডায়েরিজ: এপিসোড টু। এ পর্বেই জোহরান মামদানি অভিনয় করছেন জায়েদ খানের সঙ্গে। জেকে ও সাদ আল আমিন পরিচালনা করেছেন ইমিগ্র্যান্ট ডায়েরিজ। ২৭ মে বাংলাদেশ সময় রাত নয়টায় ‘ঠিকানা বাংলাদেশ’-এর ইউটিউব ও ফেসবুক পেজে স্ট্রিম হবে পর্বটি।

জোহরান মামদানির সঙ্গে অভিনয় করতে পেরে দারুণ উচ্ছ্বসিত জায়েদ খান। এই প্রকল্পে জোহরান মামদানিকে যুক্ত করার গল্পটিও তিনি প্রকাশ করেছেন। জায়েদ খান জানান যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ঠিকানা’র রুহিন হোসেন ও আনুভা শাহীন হোসেন প্রথমে মামদানির কাছে ই-মেইল করেন। এই ই-মেইলে জায়েদ খানের পরিচয় ও প্রজেক্টের বিস্তারিত তথ্যও পাঠানো হয়। কিছুদিন অপেক্ষার পর মেয়রের কার্যালয় থেকে সময় দেয়া হলে নির্ধারিত দিনেই শুটিং করা হয়।

জোহরানের প্রশংসা করেছেন জায়েদ খান। তিনি জানান শুটিং সেটে দারুণ আন্তরিক ছিলেন জোহরান মামদানি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img