বিসিবি নির্বাচন -বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চার পরিচালক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ৭ জুন। তবে ভোটের আগেই চারজন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরি-১-এ রংপুর, সিলেট ও রাজশাহী বিভাগ থেকে তিনটি পরিচালক পদের জন্য প্রার্থী মাত্র তিনজন। এছাড়া ক্যাটাগরি-৩-এ আছেন একজন প্রার্থী।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন আরো দুজন। ঢাকা বিভাগে দুটি পরিচালক পদের বিপরীতে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও গতকাল যাচাই-বাছাইয়ে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জসিম উদ্দিন খসরুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে আজ তার আপিল করার সুযোগ আছে। প্রস্তাবক ও সমর্থনকারী কাউন্সিলর জাতীয় পরিচয়পত্র জমা না দেয়ায় জসিম উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ বিভাগে মনোনয়নপত্র বৈধ হয়েছে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাইদ বিন জামান ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আব্দুল্লাহ আল ফুয়াদের।

সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম ও রংপুর থেকে মির্জা ফয়সল আমীনের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটা নিশ্চিত। ক্যাটাগরি-৩-এ (সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম বিভাগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন ও লক্ষ্মীপুরের মঈন উদ্দিন চৌধুরীর সঙ্গে নির্বাচনে আছেন ফেনীর শরীফুল ইসলাম। তিন প্রার্থীর মধ্যে এ বিভাগ থেকে দুজন পরিচালক নির্বাচিত হবেন। খুলনা থেকেও নির্বাচিত হবেন দুজন। এ বিভাগে লড়াইয়ে আছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার শফিকুল আলম, যশোরের শান্তনু ইসলাম ও চুয়াডাঙ্গার আব্দুছ সালাম।

বরিশাল বিভাগে একটি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের স্বত্বাধিকারী ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর মিজানুর রহমান ও ভোলার মুনতাসির আলম চৌধুরী।

পরিচালক পদে মনোনয়নপত্র বৈধ হওয়া ৩৩ জনের মধ্য থেকে ৭ জুনের ভোটে বিসিবির ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। অন্য দুই পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত হয়ে।

ক্যাটাগরি-২-এ ঢাকার মেট্টোপলিটনের ৭৬টি ক্লাব থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। এ ক্যাটাগরি থেকে ১৮ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

তারা হলেন আবাহনীর ফাহিম সিনহা, মোহামেডানের মাসুদুজ্জামান, লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফুর রহমান, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রাব্বানী, উত্তরা ক্রিকেট ক্লাবের ফৈয়াজুর রহমান, ধানমন্ডি ক্লাবের ইয়াসির মোহাম্মদ ফয়সাল, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের তামিম ইকবাল, ট্রাই স্টেট ক্রিকেটার্সের আমজাদ হোসেন, আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্সের ইসরাফিল খসরু, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম, ঢাকা ওয়ান্ডারার্সের সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মেরিনার ইয়াংয়ের শানিয়ান তানিম, ফেয়ার ফাইটার্সের সাঈদ ইব্রাহিম আহমেদ, তেজগাঁও ক্রিকেট একাডেমির বোরহানুল হোসেন, পূর্বাচল স্পোর্টিং ক্লাবের সাকিফ আহমেদ, কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবের মেজর ইমরোজ আহমেদ ও ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদ উর রহমান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img