ব্রাহ্মণবাড়িয়ার ঘাটিয়ারা গ্রামে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) জেলা শাখার সহ-সভাপতি মো. রিফাত মাহমুদ ভূঁইয়ার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও বড় ভাবি। তারা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পরপরই জামায়াতে ইসলাম ও হেফাজতে ইসলামের ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রিফাত মাহমুদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দরজা-জানালা, আসবাবপত্রসহ ঘরের ভেতরের বিভিন্ন মালামাল ভাঙচুর করে।
আহতদের স্বজনরা জানান, হামলাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তারা রাজনৈতিক শত্রুতা ও মতবিরোধকে কেন্দ্র করে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, মো. রিফাত মাহমুদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে তরিকত ফেডারেশনের রাজনীতির সঙ্গে জড়িত। স্থানীয়ভাবে তার একটি জনপ্রিয় অবস্থান রয়েছে। এই হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এমজে/দিনেরখবর


