পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, সব খাতে গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ নির্দেশনা দিয়েছেন এনইসির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিজেদের প্রয়োজনে গবেষণা করবে। কৃষি মন্ত্রণালয় করবে তাদের কৃষির প্রয়োজনে। এজন্য প্রত্যেক সেক্টরে গবেষণার জন্য আলাদা ফান্ড থাকতে হবে। বেশি বেশি গবেষণা করতে হবে।
পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আরও বলেছেন, করোনাভাইরাসের কারণে অনেক প্রকল্পের কাজ শেষ করতে পারিনি। এগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে হবে। তার মধ্যে যেগুলো সরাসরি জনগণের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত, সেগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলেছেন।
উল্লেখ্য, এনইসি সভায় নতুন অর্থবছরে (২০২১-২২) এক হাজার ৫১৫টি প্রকল্পের অনুকূলে দুই লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি ৯ লাখ টাকা ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় সংসদে এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।


