প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিফা প্রতিনিধি দল। বুধবার (৮ জুন) জাতীয় সংসদ ভবনের লবিতে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি’ বরণ উপলক্ষে এ সাক্ষাৎ হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রী প্রতিনিধিদের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি তার পরিবারের সদস্যদের খেলাধুলায় বিশেষ করে ফুটবলের সঙ্গে সম্পৃক্ততার ওপর স্মৃতিচারণ করেন। তিনি উল্লেখ করেন তার দাদা, বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাইয়েরা, সন্তানরা এমনকি নাতি-নাতনিরাও অত্যন্ত ক্রীড়ামোদী এবং ক্রীড়াবিদ। এই প্রথমবারের মত বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির আগমনে ফিফা, কোকাকোলা এবং বাফুফে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী তিনি আশা প্রকাশ করেন, ফিফা ট্রফির বাংলাদেশ ভ্রমণের ফলে দেশের ক্রীড়াপ্রেমীরা বিশেষ করে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে। তিনি বলেন, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আমরা আমাদের ছেলে-মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছি।
সর্বশেষে ফিফা এবং কোকাকোলা’র পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উপহার হস্তান্তর করেন প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, যুব ও ক্রীড়াসচিব মেজবাহ উদ্দিন, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ ফিফা, কোকাকোলা এবং বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইউআর/


