নিজ শহরে টেস্ট চলছে, কিন্তু শিষ্যদের খেলা মাঠে বসে দেখতে পারছেন না বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। করোনা আক্রান্ত হয়ে টেস্টের শুরুর দিন থেকেই অসুস্থ এই দক্ষিণ আফ্রিকান। এখন নিজ বাড়িতে বিশ্রামে আছেন। এই কারণে পোর্ট এলিজাবেথ টেস্টের শুরু থেকে ড্রেসিংরুমে দেখা যায়নি বাংলাদেশ দলের প্রধান কোচকে।
রাসেল ডমিঙ্গোর করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত কিছুদিন ধরে জ্বরে ভোগার কারণে ডমিঙ্গোর পিসিআর টেস্ট করানো হয়। রিপোর্টে নেগেটিভ আসলেও সুস্থ না হওয়ায় আবার অ্যান্টিজেন টেস্ট করা হয় তার। এই রিপোর্টে করোনা ধরা পড়ে।
এই মুহূর্তে ডমিঙ্গো টিম হোটেলে নেই। পোর্ট এলিজাবেথে নিজ বাসায় অবস্থান করছেন। বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, ব্যাটিং কোচ জেমি সিডন্স ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথরাই এখন দলকে সামলাচ্ছেন।
ডমিঙ্গার শারীরিক অবস্থা নিয়ে বাংলাদেশ দলের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘গত সাত এপ্রিল থেকে প্রধান কোচের উপসর্গ দেখা যাচ্ছিল। একই দিনে একটি পিসিআর পরীক্ষা করার পরে একটি অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। অ্যান্টিজেন টেস্টে ৮ এপ্রিল করোনা পজিটিভ হন তিনি। এরপর থেকেই আলাদা আছেন। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা ভালো। কেবলমাত্র হালকা কিছু লক্ষণ বিদ্যমান আছে।’
ইউআর/


