চান্দগাঁও থানার তৎপরতায় খুলনা থেকে উদ্ধার চুরি হওয়া এক্সক্যাভেটর, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে চুরি হওয়া প্রায় ১৭ লাখ টাকা মূল্যের একটি এক্সক্যাভেটর (ক্যাট) মাত্র কয়েক দিনের ব্যবধানে খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই যন্ত্রপাতি পরিবহনে ব্যবহৃত একটি লোবেড ট্রাকও জব্দ করা হয়েছে। অভিযানে চুরির ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২৭ জুলাই রাত থেকে ২৮ জুলাই সকাল পর্যন্ত কোনো এক সময়ে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার ওয়াপদা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খোলা জায়গা থেকে আবদুল মন্নানের মালিকানাধীন এক্সক্যাভেটরটি চুরি হয়। যার আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা। এ ঘটনায় ২৯ জুলাই চান্দগাঁও থানায় ৩৭৯/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে নেমে উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর দিকনির্দেশনায় চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা মহানগর পুলিশের আড়ংঘাটা থানার বকুলতলা মোড়সংলগ্ন এলাকা থেকে চুরি হওয়া এক্সক্যাভেটরটি উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাই যন্ত্রপাতি পরিবহনে ব্যবহৃত একটি লোবেড ট্রাক জব্দ করা হয়।

এ সময় মো. ইকবাল হোসেন ওরফে তামিম ইকবাল (৩৫), মো. আব্দুর শুক্কুর (২৯), ওয়াহিদ হোসেন আলআমিন ওরফে ফিরোজ (২৪) এবং মো. ইকরাম হোসেন (৪৬) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এক্সক্যাভেটরটি হলুদ ও কালো রঙের একটি চেইন এক্সক্যাভেটর। এছাড়া চোরাই কাজে ব্যবহৃত চট্টমেট্টো-শ-১১-২৩৭৩ নম্বরের একটি লোবেড ট্রাকও জব্দ করা হয়েছে।

চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না এবং এ চক্রের সঙ্গে আরও কোনো আন্তজেলা চোরচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img