১১ জেলার সড়কে একদিনেই ঝরল ২১ প্রাণ

ঢাকা ডেস্ক : দেশের ১১ জেলায় আজ শনিবার সড়ক দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুষ্টিয়ায় চারজন, দিনাজপুরে তিনজন ও যশোরে চারজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া কুমিল্লা ও চট্টগ্রামে দুজন করে এবং মানিকগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, গাজীপুর ও জয়পুরহাটে একজন করে মারা গেছেন। এসব দুর্ঘটনায় বহু আহতের ঘটনাও ঘটেছে। বণিক বার্তার চট্টগ্রাম ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, জেলার খোকসায় এলাকায় আজ সকাল সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ‘তানহা পরিবহনে’র যাত্রীবাহী বাস খোকসার শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ বিপরীত দিক থেকে একটি ভ্যান চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের গভীর খাদে ছিটকে পড়ে। এতে চারজন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম ব্যুরো থেকে পাঠানো প্রতিবেদনে জানা যায়, চট্টগ্রামের পটিয়ায় বাস চাপায় তাজলিম (১৭) ও সামি (১৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় জয় (১৮) নামে আরেকজন আহত হয়েছেন। আজ দুপুরে সাড়ে ১২টার দিকে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে দুপুরে আনসার ক্যাম্প এলাকায় কক্সবাজারগামী একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, শনিবার সকালে জেলার রাণীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আলামিন (১৬), সৈকত (১৮) ও কাইয়ুম মোটরসাইকেলে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বিরামপুরগামী বেপরোয়া ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। অপর দুজনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওই ট্রাক ও এর হেলপারকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

যশোর প্রতিনিধি জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকায় কাভার্ড ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। নিহতরা হলেন ইজিবাইকচালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), বৃষ্টি সাহা (২৪), তার ছেলে সৌভিক সাহা (৪) ও আনোয়ার আলী (৭০)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান চাউলিয়া তেলপাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত আরো কয়েকজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে আরো দুজনের মৃত্যু হয়।

কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন, চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এদিন ভোরে উপজেলার হারিসদ্দার শিরিষ ফ্যাক্টরি এলাকায় এবং সকাল ৭টার দিকে পৌরসভার ডাকবাংলা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্র গ্রামের মো. দিদারের স্ত্রী পান্না বেগম (৩৫) এবং অজ্ঞাত ভবঘুরে যুবক (আনুমানিক ৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে শিরিষ ফ্যাক্টরির শ্রমিক পান্না বেগম রাস্তার পাশ দিয়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে সকাল ৭টার দিকে পৌরসভার ডাকবাংলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত এক ভবঘুরে যুবককে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, তাড়াশে কোরবানির পশুবাহী নসিমন উল্টে চালক আয়নাল হক (৫৭) নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল হান্নান জানান, সকালে আয়নাল গরু নিয়ে চান্দাইকোনা হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে বস্তুল এলাকায় পৌঁছালে সড়কের বড় গর্তে পড়ে গরুবোঝাই নসিমনটি উল্টে যায়। এতে চালক আয়নাল নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

জয়পুরহাট প্রতিনিধি জানান, সকাল ৭টার দিকে জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে ট্রাকচাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর সদরে ব্র্যাকের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শনিবার সকাল ৭টার দিকে মাহফুজুল মোটরসাইকেলে দিনাজপুরের উদ্দেশে রওনা হন।জেলা শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে উঠার সঙ্গে সঙ্গে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।

ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন, সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়িচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৩ বছর। স্থানীয়রা জানিয়েছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং এলাকায় ঘোরাফেরা করতেন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

খাগড়াছড়ি প্রতিনিধি জানিয়েছেন, জেলার দীঘিনালা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মো. সোহেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দীঘিনালা-মেরুং সড়কের বেতছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ সংঘর্ষে চারজন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মো. সোহেলকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজন হলেন সাদিয়া মনি, তাসলিমা খাতুন ও আব্দুল কাদির। তারা বর্তমানে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় পান্নু (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ফিরতি একটি গরুবাহী ট্রাক বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজের নিচে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা পান্নুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বরঙ্গাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নাসির উদ্দিন নামের এক পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের হেলপার গুরুতর আহত হয়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img