ডবলমুরিংয়ে ইয়াবাসহ গ্রেফতার ৮ মামলার আসামী জাহিদ-খোকন

চট্টগ্রামের বন্দর-ডবলমুরিং এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণকারী ও ৮ মামলার আসামী শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও ক্রেতাসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন, জাহিদ-খোকন গ্রুপের প্রধান জাহিদ হাসান প্রকাশ মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (৩২) ও মোঃ মঞ্জুরুল আলম খোকন (৩৫)। এসময় নিজাম উদ্দিন সুলতান (৪০) নামে এক ইয়াবা ক্রেতাকেও ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

গতকাল ১৯ মে, বুধবার গভীর রাতে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৯ নং রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, জাহিদ ও খোকন ডবলমুরিং ও বন্দর এলাকার মাদক ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক। তাদের গ্রুপে আরও ১০ জন আছে। তারা টেকনাফ থেকে যেমন ইয়াবা সংগ্রহ করে, তেমনি আবার বিভিন্ন স্থান থেকে ক্রেতাও সংগ্রহ করে।

গতকাল রাতে তারা তাদের সাঙ্গপাঙ্গদের মাঝে ইয়াবা বিলির জন্য সিডিএ আবাসিক এলাকার ৯নং রোডের মাথায় অবস্থান করছিলো। এসময় পুলিশ অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে জাহিদকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে, খোকনকেও গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় এক ক্রেতাকে গ্রেফতার করতে পারলেও আরও ২ জন পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

তাদের উভয়ের বিরুদ্ধে থানায় ৮ টি করে মামলা রয়েছে বলেও জানান ওসি মহসীন।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img