বাসে এক যাত্রীর ফেলে যাওয়া ব্যাগভর্তি ৩০ লাখ টাকা ফেরত দিয়েছেন বাস কোম্পানির কর্মকর্তারা। শুক্রবার দিবাগত রাতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ওই পরিবহনের প্রধান কার্যালয়ে টাকা ফেরত দেওয়া হয়।
জানা যায়, শুক্রবার (২৪ জুন) রাতে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে আনোয়ার হোসেন নামে ফেনী জেলার এক গাড়ি ব্যবসায়ী তিশা প্ল্যাটিনাম বাসে ফেনীর উদ্দেশ্যে যাত্রা করেন। গাড়িতে ভুলবশত টাকাভর্তি একটি ব্যাগ ফেলে যান তিনি। বাস থেকে নেমে যাওয়ার পর ওই যাত্রী বিষয়টি তিশা ওই পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক বিমল চন্দ্র দে’কে জানান। বিমল ফেনীতে কর্তব্যরত তার ছোট ভাই দুলাল চন্দ্র দে’কে ওই গাড়ি থেকে ব্যাগটি খুঁজে বের করার নির্দেশনা দেন। দুলাল টাকাভর্তি ব্যাগটি পেয়ে কর্তৃপক্ষের কাছে জমা দেন। শুক্রবার রাত সাড়ে ১১টায় কুমিল্লা ট্রান্সপোর্টের চেয়ারম্যান দুলাল হোসেন অপু, ব্যবস্থাপনা পরিচালক বিমল চন্দ্র দে ও জাফর হোসেন শিপন ওই ব্যবসায়ীকে টাকাগুলো বুঝিয়ে দেন।
টাকা পেয়ে ব্যবসায়ী আনোয়ার বলেন, ‘টাকা ফেরত পাবো এমন আশা আমি ছেড়েই দিয়েছিলাম। কিন্তু কুমিল্লার তিশা প্ল্যাটিনাম প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ সব টাকা আমাকে ফেরত দিয়েছে।’
ইউআর/


