ভারতের সবচেয়ে ধনী রাজ্যে রাজনৈতিক সংকট

ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রে রাজনৈতিক বিরোধে অনিশ্চয়তায় পড়েছে রাজ্য সরকারের ভাগ্য। রাজ্য সরকারের সিনিয়র মন্ত্রী একনাথ সিন্ধে দাবি করেছেন, তার সঙ্গে রয়েছে ক্ষমতাসীন দল শিব সেনার ৪০ থেকে ৫৬ জন আইনপ্রণেতার সমর্থন। তার বিদ্রোহের জেরে ক্ষমতাসীন শিব সেনার নেতৃত্বাধীন জোট সরকার পতনের মুখে দাঁড়িয়েছে।

তবে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ভভ ঠাকরেসহ দলের সিনিয়র নেতারা একনাথ সিন্ধেকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তবে সিদ্ধান্ত বদলানোর কোনও ইঙ্গিত এখন পর্যন্ত দেননি তিনি।

মহারাষ্ট্রে দীর্ঘ দিনের মিত্রতার পর ২০১৯ সালের রাজ্য নির্বাচনের আগে শিব সেনা ও বিজেপির জোট ভেঙে যায়। ক্ষমতা ভাগাভাগি নিয়ে টানাপোড়েনে ভাঙে জোট। তবে নির্বাচনে রাজ্যের বিধানসভার ২৮৮ আসনের মধ্যে ১০৬ আসনে জয়লাভ করে একক বৃহত্তম দলে পরিণত হয় বিজেপি। তবে আঞ্চলিক ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), ভারতের মূল বিরোধী দল কংগ্রেস এবং আরও কয়েকটি ছোট দল ও স্বতন্ত্র আইনপ্রণেতাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করে শিব সেনা।

জানা যাচ্ছে একনাথ সিন্ধে ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে ফের শিব সেনার জোট গড়তে আগ্রহী। তাদের সঙ্গে জোট গড়ে সরকারে ফিরতে চান তিনি।

এই সপ্তাহে বিবাদ গভীর হওয়ার সঙ্গে সঙ্গে একনাথ সিন্ধে এবং মুখ্যমন্ত্রী উদ্ভভ ঠাকরে নিজেদের অনুগত আইনপ্রণেতাদের হোটেলে আটকে রাখেন। অপরপক্ষের তাদের দলে টানা ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়। ফলে জোরালো রাজনৈতিক নাটকীয়তা প্রত্যক্ষ করে রাজ্যটি।

ভারতের দলত্যাগ বিরোধী আইনের অধীনে অযোগ্যতা এড়াতে একনাথ সিন্ধেকে রাজ্যের ৩৭ আইনপ্রণেতার সমর্থন পেতে হবে। তবে তিনি দাবি করেছেন শিব সেনার ৪০ জন এবং ছয় জন স্বতন্ত্র আইনপ্রণেতার সমর্থন তার রয়েছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বেশ কয়েক জন সমর্থকদের নিয়ে একনাথ সিন্ধে উঠেছেন উত্তর-পূর্বাঞ্চলীয় বিজেপি শাসিত রাজ্য আসামের একটি হোটেলে। মঙ্গলবার সেখানে পৌঁছানোর পর তাদের স্বাগত জানান বিজেপির দুই নেতা।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img