বিরোধীদলের অংশগ্রহণ ছাড়া স্বচ্ছ নির্বাচনও গ্রহণযোগ্যতা হারাতে পারে : সিইসি

বিরোধীদলের অংশগ্রহণ ছাড়া স্বচ্ছ নির্বাচনও গ্রহণযোগ্যতা হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, একটা কথা বার বার বলেছি, নির্বাচনটা হওয়া দরকার অংশগ্রহণমূলক। যেভাবেই হোক, যদি মূল বিরোধীদল নির্বাচনে না আসে, তাহলে নির্বাচন স্বচ্ছ বা অস্বচ্ছ হোক, সেটার কিন্তু গুরুত্ব ও গ্রহণযোগ্যতা অনেক কমে যাবে।

তিনি বলেন, ডেমোক্রেসির মূল কথাই হচ্ছে পজিশন এবং অপজিশন। আমরা চাই নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক। নির্বাচনী বিধি মোতাবেক নির্বাচনকালীন সরকার নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করতে বাধ্য উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনকালীন সরকারের সঙ্গে বর্তমান সরকারের ধরন পাল্টে যাবে। তখন সরকার শুধু পলিসি নিয়ে কাজ করবে। বিশ্বের সব দেশেই এটা আছে। নির্বাচনী কাজে সরকার আমাদের সহায়তা দেবে। আইন অনুযায়ী এটা দিতে সরকার বাধ্য। সব নির্বাচনে আমরা সরকারের সহায়তা চাইবো। সরকারও সহযোগিতা অব্যাহত রাখবে আশা করি।

সোমবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিনিধি দল এদিন সিইসির সঙ্গে সাক্ষাৎ করে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকালীন সরকারের কাছ থেকে মূলত তিনটি মন্ত্রণালয়ের সহায়তা প্রয়োজন। অন্য কোনো মন্ত্রণালয় নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ করে, পুলিশ প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ থাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে। সরকারের এ তিনটি মন্ত্রণালয় নির্বাচনকালীন ইসিকে সহযোগিতা দেবে।

টিআইবির সঙ্গে বৈঠক প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, উনাদের বলেছি, আপনারা সরাসরি রাজনীতি না করলেও রাজনীতির ঊর্ধ্বে আপনাদের একটা অবস্থান আছে। প্রতিদিনের আক্রমণাত্মক মন্তব্যগুলো থেকে সরে এসে টেবিলে মুখোমুখি বসলে আলোচনা হবে গঠনমূলক। টেবিলের বাইরে গিয়ে ধারাবাহিকভাবে আক্রমণাত্মক বক্তব্য পারস্পরিক বিরুদ্ধাচারণই বাড়াবে। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমবে না। আমরা এ ধরনের দূরত্ব ঘোচাতে চাই। তিনি বলেন, আইনে আমাদের কী ক্ষমতা তা আমাদের জানা। আমরা কিন্তু সে সহায়তা নিতে পারবো। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। সহিংসতার কারণে নির্বাচন বিঘ্নিত হলে যে কোনো কেন্দ্রের ভোট বাতিলের ক্ষমতা আমাদের রয়েছে। আমরা সে ব্যাপারে সতর্ক থাকবো। পরিবেশ যেন বিরূপ না হয়, ভোটাররা যেন কেন্দ্রে যেতে পারে এবং নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করবো। কোথাও বড় ধরনের সহিংসতা হলে নির্বাচন পরিচালনায় দায়িত্বরতরা ভোট স্থগিত বা আসন বাতিল করে দিতে পারবেন।

সিইসি আরও বলেন, নির্বাচনে মনোনয়ন নিতেই প্রার্থীকে যে পরিমাণ অর্থ খরচ করতে হয়, এতে প্রার্থীর মধ্যে ‘জয়ী হতেই হবে’ এরকম একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়। প্রার্থী কাড়ি কাড়ি টাকা খরচ করে মনোনয়ন নিয়ে বিজয়ী হওয়ার পরই সেই টাকা তুলে আনতে ব্যস্ত হয়ে পড়েন। এতে কিন্তু একটা সহিংস চরিত্র গড়ে ওঠে। এটি কীভাবে নিয়ন্ত্রণ হবে জানি না। তবে দলগুলোর শীর্ষ নেতৃত্বকে উপলিব্ধ করা উচিত যে, নির্বাচন যেন বাণিজ্যে পরিণত না হয়। বাণিজ্যের জন্য এমপি হতে হবে, মনোনয়ন নিয়ে যে করেই হোক নির্বাচনে জিততে হবে, এ ধরনের মানসিকতা থেকে প্রার্থীদের বের করে আনতে পারলে আমাদের গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা বর্তমান অবস্থার চেয়ে আরও উন্নত হবে। নির্বাচনকালীন সরকার সম্পর্কে জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের সময় যে সরকার থাকবে সেটাই নির্বাচনকালীন সরকার। অপজিশন থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ যেসব দাবি করা হচ্ছে এগুলো নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। এগুলো আমাদের বিষয়ও নয়। এটা সাংবিধানিক বিষয়। রাজনৈতিক নেতারা একমত হয়ে এগুলো দেখবেন। আমরা শুধু চাই, বিধি মোতাবেক নির্বাচনকালীন সরকার ইসিকে সহযোগিতা করুক।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img