ইউক্রেন ও সিরিয়া পরিস্থিতি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করেছে রাশিয়া। মঙ্গলবার ফোনে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের সঙ্গে কথা বলেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোয়গু। রুশ সরকারের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবামাধ্যম আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, দুই প্রতিরক্ষামন্ত্রীর আলোচনার এজেন্ডায় কৃষ্ণ সাগরে নৌ চলাচলের নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। ইউক্রেনের ভূখণ্ড থেকে শস্য রফতানির সংকট নিরসনেও আলোচনা হয় তাদের।
দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতে সিরিয়ায় ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব নিয়েও কথা বলেছেন দুই প্রতিরক্ষামন্ত্রী। বিষয়টি নিয়ে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখতে একমত হয়েছেন তারা।
তুর্কি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় জরুরিভাবে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণার তাগিদ দেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, আরও প্রাণহানি রোধকল্পে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং অবনতিশীল মানবিক পরিস্থিতির উন্নতির জন্য যুদ্ধবিরতির প্রয়োজন রয়েছে।
বিশ্বজুড়ে খাদ্য সংকটের ঝুঁকি মোকাবিলায় ইউক্রেন থেকে নিরাপদে খাদ্যশস্য এবং বিভিন্ন কৃষিপণ্য পরিবহনের ওপরও জোর দিয়েছে আঙ্কারা।
সিরিয়া ইস্যুতে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দেশটিতে সন্ত্রাসীদের উপস্থিতি আঙ্কারার কাছে গ্রহণযোগ্য নয়।
এর আগে এ মাসের গোড়ার দিকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় অভিযান পরিচালনা না করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছিল রাশিয়া। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান কুর্দি ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের হুমকি দেওয়ার একদিনের মাথায় ওই আহ্বান জানিয়েছিল মস্কো।
ইউআর/


