যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যরা এবং বিভিন্ন স্তরের জনসাধারণ। জাতীয় শোক দিবসের অনুষ্ঠান উদযাপনে সর্বসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৪ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২-এর চতুর্দিকে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওই অনুষ্ঠানে আগত অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় চলাচলরত গাড়িচালক/ব্যবহারকারীদের ১৫ আগস্ট ভোর হতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত চলাচলের জন্য মিরপুর গাবতলী থেকে আগত রাসেল স্কোয়ার আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিকমিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭ ডানে মোড় নিয়ে শংকর-জিগাতলা-সায়েন্স ল্যাব হয়ে চলাচলের জন্য বলা হয়েছে। নিউমার্কেট ও সায়েন্স ল্যাব হতে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রাবাহী যানবাহন ধানমন্ডি ২ নম্বর রোড বামে মোড় নিয়ে জিগাতলা-শংকর হয়ে গন্তব্যে পৌঁছাবে।


