রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসি’কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজের ফেডারেশন (আইএফআরসি)-কে তাদের বৈশ্বিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে আইএফআরসির নতুন প্রতিনিধি হিসেবে সেভাল গুজেলকিলিঞ্চ তার পরিচয়পত্র পেশ করতে এলে তিনি এই আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তহবিল হ্রাসের এই সময়ে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর ক্রমবর্ধমান মানবিক চাহিদার কথা উল্লেখ করে হুমায়ুন কবির প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার ওপর জোর দেন।

রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইএফআরসির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে সরকারের আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)-এর সক্ষমতা বৃদ্ধিতে আইএফআরসির অবদানের কথা তুলে ধরেন।

তিনি ২০২৬ সালের জুলাই মাসের বন্যা ও ভূমিধসের ঘটনায় আইএফআরসির দ্রুত সাড়াদানের প্রশংসা করেন এবং দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

সেভাল গুজেলকিলিঞ্চ সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করার বিষয়ে আইএফআরসির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অগ্রাধিকারমূলক বিষয়গুলো তুলে ধরে তিনি মানবিক সেবা বৃদ্ধি, কমিউনিটির সহনশীলতা জোরদার করা, দুর্যোগ মোকাবিলা ব্যবস্থার উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রম পরিচালনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img