প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার অসুস্থ দুই ভাইবোন পিন্টু ও নাসরিনের চিকিৎসা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের ভর্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এমএম ইমরুল কায়েস যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।
তাদের হতদরিদ্র বাবা-মার পক্ষে এই চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে এ দুই ভাইবোনের চিকিৎসার ব্যবস্থা করেন। তারা বর্তমানে প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তানভীর আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা পাচ্ছেন।
একটি জাতীয় দৈনিকের মাধ্যমে সংবাদটি নজরে এলে এই দুই অসহায় ভাইবোনের চিকিৎসা করতে নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।
পিন্টু ইনস্টিটিউটের ৮০১ নম্বর পুরুষ ওয়ার্ডের ৩০ নম্বর বেডে এবং ৯০১ নম্বর মহিলা ওয়ার্ডের ৩০ নম্বর বেডে নাসরিন ভর্তি আছেন। ভর্তির পর পরই তাদের বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আগামী কয়েক দিনের মধ্যে মেডিকেল বোর্ড গঠন করে তাদের মূল চিকিৎসা শুরু করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।
ইউআর/


