১২টি পুলিশ হাসপাতাল, ছয়টি নারী ব্যারাক ও অনলাইন জিডিসেবা উদ্বোধন আজ

পুলিশে কর্মরত বিভিন্ন পদবির সদস্যদের চিকিৎসা সুবিধা বাড়াতে প্রকল্পের আওতায় দেশের ১২টি জায়গায় পুলিশ হাসপাতাল আধুনিকায়ন করা হয়েছে। এরইমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে চিকিৎসক ও নার্স। এসব হাসপাতালের পাশাপাশি নির্মাণ করা হয়েছে ৬টি নারী ব্যারাক। শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে-কেয়ার) সুবিধা থাকবে এই ব্যারাকগুলোতে। এছাড়া পদ্মা সেতুর দুই পাড়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নির্মাণ করা হয়েছে নতুন দুই থানা।

আজ মঙ্গলবার (২১ জুন) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত হয়ে পুলিশ হাসপাতাল, নতুন দুটি থানা, ৬টি নারী ব্যারাক, গৃহহীনদের জন্য নির্মিত ১২০টি ঘর হস্তান্তর ও অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন করবেন।

এছাড়া রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিনিয়র স্বরাষ্ট্রসচিব আখতার হোসেন এবং আইজিপি বেনজীর আহমেদসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পুলিশ সদর দফতর বলছে, বিদ্যমান পুলিশ হাসপাতাল আধুনিকায়ন শীর্ষক প্রকল্পের আওতায় ১২টি হাসপাতাল ভবন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। যা পুলিশ সদস্যদের চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি করবে। উন্নততর আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তাদের দক্ষতার মানোন্নয়ন ঘটাবে। চারতলা ভবনের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে। ধাপে ধাপে হাসপাতালগুলোকে ৫০ শয্যাবিশিষ্ট করা হবে।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের এআইজি মো. কামরুজ্জামান বলেন, হাসপাতালগুলোতে রয়েছে আধুনিক যন্ত্রপাতি। এছাড়া পদ্মা সেতুকে কেন্দ্র করে নতুন দুইটি থানা হয়েছে। যা পদ্মা সেতুর দুই পাড়ে এবং পদ্মা সেতুকেন্দ্রিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারবে। নারীদের জন্য নতুন ব্যারাক নির্মিত হয়েছে। সারা দেশের প্রতিটি জেলায় নির্মাণ করা হবে এরকম নারী ব্যারাক। এগুলোতে ডে-কেয়ার সেন্টার থাকায় অনেকে তাদের বাচ্চাদের সেখানে নিরাপদে রেখে কাজে মনোযোগ বাড়াতে পারবেন।

তিনি বলেন, অনলাইন সিটির কার্যক্রম উদ্বোধনের সাথে সাথে বাংলাদেশের প্রতিটি নাগরিক অনলাইন জিডি কার্যক্রমের সুবিধার আওতায় আসবেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়ার ধারাবাহিকতায় নতুন ১২০টি ঘর তাদের কাছে হস্তান্তর করা হবে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img