টানা দুই মাস পর সাংহাইয়ে বুধবার থেকে কোভিড লকডাউন শিথিল করা হয়েছে। এর ফলে চীনের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত শহটির বেশিরভাগ মানুষ এখন অবাধে চলাচলের সুযোগ পাবেন। তবে আরও কিছুদিন ঘরবন্দি থাকতে হবে আড়াই কোটি জনসংখ্যা অধ্যুষিত শহরটির সাড়ে ছয় লাখ বাসিন্দাকে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, লকডাউন পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। শুধু কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ‘শূন্য কোভিড’ নীতিও বহাল রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের কোয়ারেন্টিন বা হাসপাতালে পাঠানোর পাঠানোর নিয়মও চালু থাকছে।
কিছু বিধিনিষেধ এখনও বহাল থাকলেও সামগ্রিকভাবে লকডাউন শিথিলের সিদ্ধান্তের প্রশংসা করেছেন সাংহাই সরকারের মুখপাত্র ইন জিন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এই দিনটির স্বপ্ন আমরা বহু দিন ধরে দেখেছিলাম। বহু কষ্টে এই দিনটি এসেছে। এটিকে সযত্নে লালন করতে হবে। যে শহরের সঙ্গে আমরা পরিচিত এবং যে শহরটিকে আমরা মিস করছিলাম, সেই সাংহাইয়ে ফের স্বাগত।’
এরইমধ্যে শহরটিতে সব ধরনের গণপরিবহন চালু হয়ে গেছে। তবে সিনেমা হল, জাদুঘর ও জিমনেসিয়ামগুলো এখনই খুলছে না।
ইউআর/


